যুদ্ধের সময় আমি তখন টগবগে তরুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

বাষট্টি পূর্ণ করলেন বরেণ্য সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। আজ তাঁর জন্মদিন। আট বছর বয়স থেকেই গানের সঙ্গে সখ্য। এখনো গাইছেন দোর্দণ্ড প্রতাপে। সংগীতের এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার অভিজ্ঞতার নানা বাঁকের কথা উঠে এসেছে এই আলাপচারিতায়।

এন্ড্রু কিশোর
এন্ড্রু কিশোর


আপনার বয়সটা যেখানে এসে পৌঁছেছে, সেখানে রোদের উত্তাপ নেই। পড়ন্ত বিকেলের ছায়া। কীভাবে নিজেকে খুঁজে পান।

বিষয়টি নিয়ে আমি আগেই ওয়াকিবহাল। আমি ব্যবস্থাপনা বিষয়ে এমএ করেছি। ব্যবস্থাপনায় একটা টার্ম আছে ‘ডিমান্ড অ্যান্ড সাপ্লাই’। চাহিদা যখন বাড়বে, তখন বাড়বেই। আবার সেটা কমেও যেতে পারে। আমার কণ্ঠের বিষয়টিও তা-ই। চাহিদা যখন ছিল, তখন সে অনুযায়ী ব্যস্ততা ছিল। এখন সময়ের সঙ্গে সঙ্গে কিছুটা কমেছে। সে জন্য বলব খুব স্বাভাবিকভাবে জীবন চলছে।

আপনার বয়স যখন আঠারো। তখন টগবগে তরুণ আপনি। ওই সময়টার কথা মনে পড়ে?

হুম। মুক্তিযুদ্ধের সময় ওটা। বাবা-মা মিশনারি হাসপাতালে ছিলেন। যুদ্ধ শুরু হয়ে গেলে রাজশাহী থেকে ৬০-৭০ জনের পুরো মিশন চলে যায় ভারতের মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। ভিন্ন দেশ। আছি ক্যাম্পে। যুদ্ধের সময় আমি তখন টগবগে তরুণ। ইচ্ছা যুদ্ধে অংশগ্রহণ করব। আমরা পাঁচজন তরুণ গেলাম পাশেই লালগোলা ক্যাম্পে। মোস্তাফিজুর রহমান গামা ছিলেন নেতা। তিনি রাজশাহী বেতারের আঞ্চলিক পরিচালক ছিলেন। আমার বাবার বন্ধু। তাঁকে গিয়ে বললাম, ‘যুদ্ধ করব।’ তিনি বললেন, ‘অনেক মুক্তিযোদ্ধা এসে গেছে, তোমরা বরং “জয়বাংলা মুক্তিযোদ্ধা সেল” করো। সেখানে আহত মুক্তিযোদ্ধাদের সেবা করবে।’ তখন আমরা সে কাজে নেমে পড়লাম।

ছোটবেলায় সবার চোখেই অনেক রকম স্বপ্ন থাকে। সংগীতশিল্পী হওয়ার স্বপ্নটা কি তখন থেকেই?

আমার তো ছোটবেলায় তিন রকম ইচ্ছা ছিল। তখন আমার বয়স পাঁচ-ছয় বছর। বাড়িতে সাইকেল চালিয়ে পিতলের বালতি নিয়ে আসতেন বিরেন কাকা। আমাদের গরুর দুধ দোয়াতেন। তাঁকে প্রতিদিন দেখে দেখে দুধওয়ালা হওয়ার স্বপ্ন দেখি। এরপর স্বপ্ন বদল হয় বেনু কাকাকে দেখে। তিনি বড় ভাড়ে করে এনে লিচু আর আমগাছে পানি দিতেন। স্বপ্ন দেখতাম মালি হব। তবে শেষমেশ স্বপ্ন সংগীতশিল্পী হওয়ার ধাপে এসে স্থির হয়, যখন আমার ওস্তাদ আবদুল আজিজ বাচ্চুর কাছে গান শেখা শুরু করি। আমি তখন ষষ্ঠ শ্রেণির ছাত্র।

আর ডি বর্মণের সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছিল আপনার। যত দূর শুনেছি, তিনি নাকি আপনাকে মুম্বাইতে থেকে যেতে বলেছিলেন।

একটা যৌথ প্রযোজনার ছবি হয়েছিল, হিন্দি নাম ‘শক্তি’। বাংলায় ‘বিরোধ’। ওই ছবিতে আর ডি বর্মণের সুরে হিন্দি এবং বাংলায় গান গেয়েছিলাম এবং আমি একমাত্র বাংলাদেশি শিল্পী যার সৌভাগ্য হয়েছিল পঞ্চম দার সুরে গান গাইবার। তো, যেদিন আমি দেশে ফিরব, সেদিন বিদায় নিতে গেলে পঞ্চম দা আমাকে বললেন, ‘ঢাকাইয়া, তুই হয়তো ভাবছিস, মাঝে মাঝে ডাকব, গাওয়াব। কিন্তু আমাদের দেশাত্মবোধটা খুব বেশি। কিছু করতে চাইলে এখানে থাকতে হবে। তুই থেকে যা। বিয়ে-শাদি করিসনি। সে ব্যবস্থাও আমি করে দেব। কিন্তু আমি তখন তাঁকে বললাম, “দাদা, আমার দেশেই আমি অনেক ভালো আছি।”’ তিনি তখন আমাকে বুকে টেনে নিয়ে বললেন, ‘তুই একটা বাঘের বাচ্চা।’

রেডিও, টিভি, প্লেব্যাক। গানের সংখ্যাটা কয়েক হাজার। নিজের গাওয়া পাঁচটা প্রিয় গানের কথা জানতে চাইলে...

এটা অনেক কঠিন বিষয়। তারপরও বলব, ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘আমার সারা দেহ খেও গো মাটি’, ‘আমার বুকের মধ্যিখানে’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’ এবং ‘জীবনের গল্প আছে বাকি অল্প ‘।

প্রয়াত সব্যসাচী লেখক মৃত্যুর কিছুদিন আগে আপনাকে বলেছিলেন, তাঁর লেখা শেষ চারটি গান আপনাকে দিয়ে গাওয়াবেন। সুর করবেন আলম খান। সেই গানগুলোর খবর কী?

গানগুলো এখনো হাতে আসেনি। হাতে পেলে আলম ভাইকে দেব। তারপর কাজ শুরু হবে। তবে যদি গানগুলো গাইতে পারি, তবে এটাই হবে আমার জীবনের সেরা প্রাপ্তি।
সাক্ষাৎকার: কবির বকুল